

'নব আনন্দে জাগো, আজি নবীন প্রভাতে'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস ব্যাচ এইচএফ-২৭ এবং বিডিএস ব্যাচ এইচএফডি-১৪-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হলি ফ্যামিলি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং সদ্য পূর্ববর্তী ব্যাচ এইচএফ-২৬ ও এইচএফডি-১৩-এর শিক্ষার্থীরা কলেজের শিক্ষকদের সঙ্গে নিয়ে নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানান। ফুল, নতুন অ্যাপ্রোন ও বিশেষ উপহার দিয়ে তাদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে শুরু হয় তাদের চিকিৎসাবিদ্যার আনুষ্ঠানিক পথচলা।
অনুষ্ঠানে শিক্ষকরা প্রথম পর্যায়ের পাঠ্যক্রম সম্পর্কে ধারণা দেন। ভবিষ্যতের দীর্ঘ পথে অনুপ্রাণিত থাকতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মুজিবুল হকের নেতৃত্বে এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসাসহ সংশ্লিষ্ট শিক্ষকরা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। চিকিৎসাসেবার মহান পেশায় নিজেদের দায়বদ্ধতার আনুষ্ঠানিক প্রতিশ্রুতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করলেন নবীন শিক্ষার্থীরা।

