ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৭
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)–এর বরিশাল ক্যাম্পাসে নির্মাণাধীন মেইন গেটের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মেইন গেটে নির্মিত পিলারগুলো সোজাসুজি না রেখে বাকা অবস্থায় তোলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল ক্যাম্পাসের প্রধান ফটক নির্মাণের কাজ প্রায় ছয় মাস আগে শুরু হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পিলার তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি নিয়েও শুরু থেকেই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, গেটের পিলার সোজা না হয়ে স্পষ্টভাবে বেঁকে রয়েছে। এর ফলে ভবিষ্যতে গেটের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়া সত্ত্বেও নির্মাণকাজে মান নিয়ন্ত্রণের কোনো দৃশ্যমান তদারকি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের গাফিলতির কারণেই এমন অনিয়ম ঘটছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ নির্মাণ প্রকল্পের জন্য প্রায় ৪০ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পার হলেও দায়িত্বে অবহেলা ও পরিকল্পনার অভাবে কাজের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলমান গেট নির্মাণের কারণে মেইন সড়ক দিয়ে চলাচল করা শিক্ষার্থীদের ভোগান্তি ক্রমেই বাড়ছে এবং ক্যাম্পাসের বাস প্রবেশেও ঝুঁকি তৈরি হয়েছে।

অন্যদিকে গেট না থাকায় সন্ধ্যার পর ক্যাম্পাস চত্বরে স্থানীয়দের অনিয়ন্ত্রিত চলাফেরা লক্ষ্য করা যায়, যা দুটি আবাসিক হলের শিক্ষার্থীদের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার কাজের গতি বাড়ানোর জন্য সতর্ক করা হলেও তা আমলে নেয়নি তারা। নিম্নমানের নির্মাণকাজ ও দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে।

গেট না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. আলী আজগর বলেন, “আমি কয়েকবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছি। কিন্তু তারা নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় নিয়েছে। ইতোমধ্যে গেটের কাঠামোগত কিছু ত্রুটিও লক্ষ্য করা যাচ্ছে। গেট না থাকায় ক্যাম্পাসের নিরাপত্তা বিষয়টিও আমাদের জন্য উদ্বেগের।”

ঠিকাদার রাফি মোল্লা বলেন, “বিভিন্ন ব্যস্ততার কারণে নির্মাণকাজ নির্ধারিত গতিতে সম্পন্ন হয়নি। তবে প্রকল্পের নির্ধারিত সময়সীমা এখনো শেষ হয়নি এবং কাজ সম্পন্ন করতে আরও প্রায় দুই মাস সময় বাকি রয়েছে।”তিনি আরও দাবি করেন, নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়েছে এবং বিমে প্রয়োজনের তুলনায় বেশি রড দেওয়া হয়েছে।

পিলারের কাঠামো বেঁকে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এটিকে নির্মাণজনিত ত্রুটি বলে স্বীকার করেন। তিনি জানান, “বাকা হয়ে যাওয়া অংশটি ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করা হবে।”

প্রজেক্ট মনিটরিং কমিটির আহ্বায়ক ড. আহসানুর রেজা বলেন, “বিভিন্ন কারণে নির্মাণকাজের অগ্রগতি কিছুটা ধীরগতির হয়েছে। পিলারের কাঠামোগত পরিবর্তন নিয়ে ঠিকাদার ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করা হয়েছে। যে অংশটি বেঁকে গেছে, সেটি ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করতে বলা হয়েছে। আশা করছি, খুব দ্রুত কাজটি সম্পন্ন হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কাজী রফিকুল ইসলাম–এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram