

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভায় উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৫৪৪তম সিন্ডিকেট সভায় জনসংযোগ দপ্তরের প্রসাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিন্ডিকেট সভায় গৃহীত সুপারিশগুলোর মধ্যে রয়েছে হল, সুইমিংপুল, চিকিৎসা কেন্দ্র ও শরীরচর্চা শিক্ষা বিভাগে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব পালনে অবহেলার দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
হল সংক্রান্ত সুপারিশে স্থায়ী গেম ইনস্ট্রাকটর বা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ, সাঁতারসহ ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণের আগে বাধ্যতামূলক মেডিকেল স্ক্রিনিং চালু, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য, ঝুঁকি মূল্যায়ন ও প্রশিক্ষণ প্রক্রিয়া লিখিতভাবে নথিভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতা ও ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য মানসম্মত কার্যপ্রণালী (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP) প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
সুইমিংপুল সংক্রান্ত সুপারিশে সাঁতার অনুশীলনের সময় হল কর্তৃপক্ষের ক্রীড়া প্রশিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা, জরুরি চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা এবং সুইমিংপুলের পানি নিয়মিত পরিস্কার ও পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসা সংক্রান্ত সুপারিশে যেকোনো দুর্ঘটনায় আশঙ্কাজনক রোগীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
এছাড়া সব অ্যাম্বুলেন্সে স্থায়ীভাবে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় মৌলিক চিকিৎসা সরঞ্জাম সংযুক্ত রাখা এবং নতুন অ্যাম্বুলেন্স ক্রয়ের সুপারিশ করা হয়েছে।
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিন কর্মকর্তার আপগ্রেডেশন বা পদোন্নতি ও বার্ষিক ইনক্রিমেন্ট দুই বছর বিলম্বিত করার পাশাপাশি একজন কর্মকর্তার প্রাপ্ত পদোন্নতি এক বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর সায়মা হোসেনের মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি ৩০ অক্টোবর ২০২৫ তারিখে প্রাথমিক প্রতিবেদন দাখিল করে এবং তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য কয়েকটি সুপারিশ প্রদান করে। তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যসূত্র বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে।
