ঢাকা
logo
প্রকাশিত : December 22, 2025

আ.লীগপন্থীদের অপসারণ কর্মসূচির কারণে রাকসু জিএস-এর বিরুদ্ধে একযোগে ত্রিমুখী বিবৃতি

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে বিবৃতি প্রদান করেছে ছাত্রদল, ছাত্রলীগ ও আইন বিভাগের শিক্ষার্থীরা।

গত রোববার (২১ ডিসেম্বর) রাতে আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করে। আজ সোমবার (২২ ডিসেম্বর) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ‌ও বিবৃতি প্রদান করে।

বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, ‘রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের দেওয়া হুমকিমূলক বক্তব্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অশোভন এবং অছাত্রসুলভ আচরণের বহিঃপ্রকাশ। একজন ছাত্রনেতার কাছ থেকে এ ধরনের আচরণ জ্ঞানচর্চার পরিবেশের জন্য মারাত্মক হুমকি।’

ছাত্রদলের এই বিবৃতিতে আরও বলা হয়, ‘শিক্ষকদের সঙ্গে বারবার মারমুখী ও অশালীন আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ‘তালা ঝুলানো’ সংস্কৃতি ফ্যাসিবাদী মানসিকতারই প্রতিফলন। এর আগেও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়েছিল, যা সারাদেশের শিক্ষক সমাজের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত।’

ডিনদের পদত্যাগের বিষয়টি কেন্দ্র করে তারা বলেন, ‘এই ক্যাম্পাসে কোনো ধরনের মব-সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না। সালাউদ্দিন আম্মারের মতো কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের লাঞ্ছিত করার অপচেষ্টা চালালে ছাত্রদলের সকল স্তরের নেতা-কর্মীরা তা শক্ত হাতে প্রতিহত করবে।’

এছাড়া ফ্যাসিবাদের দোসর হিসেবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তারা। তবে তথ্য-উপাত্ত ছাড়া অহেতুক ট্যাগিং ও অপপ্রচারের মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।

ছাত্রদলের বিবৃতিতে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার তার ফেসবুকে লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিউট ছাত্রদল যেহেতু আমাকে নিয়ে বিবৃতি দিয়েছে সেহেতু আমি সঠিক পথেই আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নেতা-কর্মী নাকি আমাকে শক্ত হাতে প্রতিহত করবে।’

তিনি আরও লেখেন, ‘মনোনয়নপত্র নেওয়ার দিন মনে আছে?বিশ্ববিদ্যালয়ের না, রাজশাহীর সর্বস্তরের কর্মী নিয়েও লাভ হয় নাই। সালাহউদ্দিন আম্মার একা দাড়াইয়া ছিলো, ওইদিনও সব নেতা-কর্মীর স্লোগান, হুমকিধামকি দিয়ে একটা চুলও ছিড়তে পারে নাই। ডিনদের পদত্যাগ করাইলাম বাকি কাজও করে যাবো।’

এদিকে একইদিন রাতে জিএস আম্মারের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা বলেন, ‘একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে রাকসুর সাধারণ সম্পাদকের দায়িত্বশীলতা, সংযম ও প্রাতিষ্ঠানিক আচরণ প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বক্তব্যে তার সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তারা আরও বলেন, ‘অনুষদ অধিকর্তাদের নির্বাচিত মেয়াদ সমাপ্তির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য তাঁদের দায়িত্ব অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন। এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কারও ভিন্নমত বা আপত্তি থাকলে, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে আলোচনা, আবেদন কিংবা প্রতিবাদের সুযোগ রয়েছে। কিন্তু সেই পথ অনুসরণ না করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদান আইনশৃঙ্খলা, শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি।’

এক‌ই ঘটনার প্রেক্ষিতে বিবৃতি প্রদান করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ঐতিহ্য ধ্বংস, 'জঙ্গি' ঘরানার রাজনীতি প্রবর্তন এবং তথাকথিত রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও শিবির কর্তৃক শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হলো।

বিবৃতিতে আর‌ও বলা হয়, সালাহউদ্দিন আম্মারের প্রত্যক্ষ উস্কানিতে শিক্ষকদের ওপর যে 'জঙ্গি স্টাইলে' আক্রমণ চালানো হয়েছে, তা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীর ভাষা হতে পারে না। একইভাবে ডিনদের দপ্তর তল্লাশি করে শিক্ষকদের 'বেঁধে রাখার' যে প্রকাশ্য হুমকি প্রদান করা হয়েছে, তা মূলত ছাত্রশিবিরের সেই পুরনো সহিংস রাজনীতিরই নব্য সংস্করণ। বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি চর্চাকে স্তব্ধ করতেই এই ভীতি প্রদর্শন করা হচ্ছে।

উল্লেখ্য, আজ সকাল থেকে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগ দাবিতে আম্মারের নেতৃত্বে আন্দোলনে নামেন শিক্ষার্থীদের একাংশ। এতে ডিনদের চেম্বারে তালা ঝুলানোর পাশাপাশি প্রশাসনের সকল দপ্তরে তালা দেন তারা। পরে এদিন রাতে এক সভায় ছয় ডিন তাদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram