ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৯, ২০২৫

হাদির মৃত্যুতে রাবিতে ফের বিক্ষোভ; আওয়ামী পন্থী শিক্ষকদের ক্যাম্পাসে বাঁধার হুঁশিয়ারি

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে ফের বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে—হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আয় মুদী দেখে যা, রাজপথে তর বাপেরা’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার আওয়ামী লীগ পন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার হুঁশিয়ারি দেন।

আম্মার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রবিবার থেকে ক্যাম্পাসে প্রবেশ করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদেরকে কলার ধরে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো। আওয়ামী লীগ প্রশ্নে আর কোনো নমনীয়তা দেখানো হবে না।’

তিনি আর‌ও বলেন, ‘হাদি ভাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দল হাদি ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি করছে। আমরা চাই, সবাই এক হোক এই প্রশ্নে। হাদির খুনিদের দেশে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) ও শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘হাদিকে নয়, বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে।ইনসাফের পক্ষে লড়াই থেমে যাবে এমনটা যারা ভাবছে তারা ভুল করছে। আমরা সারা দেশে লক্ষ হাদিতে পরিণত হবো। জুলাইয়ের পর হাদিরা মরে না।’

শহীদ হবিবুর রহমান হল সংসদ সহ-সভাপতি (ভিপি) ফারহান ওসমান হাদিকে অবিসংবাদিত নেতা উল্লেখ করে বলেন, হাদির মৃত্যুতে আমরা শোকাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি ও বিচার দাবি করছি। ভারতে বসে শেখ হাসিনা ও আওয়ামী দসরেরা বিপ্লবীদের হত্যার যে নীল নকশা করছে সেক্ষেত্রে ইনটেরিম সরকারকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছি না। হয় আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন অন্যথায় দায়িত্ব ছেড়ে চলে যান।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিনোদপুর গেট হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমবেত হয়।

পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যান তারা।একপর্যায়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার আওয়ামী লীগের কার্যালয় ভেঙে সেখানে পাবলিক টয়লেট করার ঘোষণা দেন। পরে বুলডোজার দিয়ে কার্যালয়টি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram