ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫

ওসমান হাদীকে গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: ঢাবি সাদা দল

ঢাবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী’র ওপর সংঘটিত বর্বরোচিত গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এর পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখার দাবি রাখে।

তারা বলেন, শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী ওসমান হাদীকে লক্ষ্য করে যে, ন্যাক্কারজনক গুলিবর্ষণ করা হয়েছে, সাদা দল মনে করে তা মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ প্রমাণ করে যে, দেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, এই হামলা শুধু ওসমান হাদীর ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।

এমন অবস্থায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একইসঙ্গে সরকার অবিলম্বে সকল স্তরের রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল বিশ্বাস করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার পথকে রুদ্ধ করার কোনো অপচেষ্টা সফল হবে না। আমরা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram