

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: আগামী রবিবারের মধ্যেই ক্লাস-পরীক্ষা চালুর মাধ্যমে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রশক্তি সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ জবিয়ান'। এসময় তারা এক সপ্তাহের মধ্যে সম্পূরক বৃত্তির তালিকা প্রকাশ করা, জকসু নির্বাচন বানচালের অপচেষ্টা বন্ধেরও দাবি জানান।
বুধবার (৩রা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণমাধ্যমকে এসব দাবি ও তথ্য জানান ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, ভূমিকম্পজনিত ছুটির সিদ্ধান্ত অদূরদর্শী হয়েছে। অনেক ব্যাচের সেমিস্টার ফাইনাল স্থগিত রয়েছে। ফলে মাত্র ১-২টি পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করতে পারছে না। রবিবারেই মধ্যেই ক্লাস-পরীক্ষা চালু করার মাধম্যে জকসু কার্যক্রম শুরু করার দাবি জানান তারা।
এসময় জকসু নির্বাচন বানচালের অপচেষ্টা বন্ধ করার দাবি করেন তিনি। প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, জকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। এছাড়া এক সপ্তাহের মধ্যে সম্পূরক বৃত্তির তালিকা প্রকাশ করার দাবিও করেন তারা।
জকসু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও শংকা প্রকাশ করে তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি প্যানেলকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, যা প্রশংসনীয়। তবে আরেকটি প্যানেল প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ, এজিএস পদপ্রার্থী শাহীন মিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী তারেক সাদিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহিনুরসহ প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা।
