

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক কার (ই-কার) গাড়ি চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। ই-কার ব্যবহার করে ৫ টাকায় শিক্ষার্থীরা ঘুরতে পারবেন রাবি ক্যাম্পাস।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সামনে রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এবং উপাচার্য অধ্যাপক সালাহ্ হাসান নকীব ৫টি ইলেকট্রিক গাড়ি উদ্বোধন করেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে এখানে রুয়ার আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের রুয়ার কমিটিগুলো এডআফ পদ্ধতিতে গঠিত হয়েছে। আর আমরা জানি যে এই ধরনের কমিটি দ্বারা কখনো সংস্কার কার্য সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের একটি সংস্কার হলো এই ই-কার। যা শিক্ষার্থীদের যাতায়াতে কষ্ট অনেকটা লাঘব করবে।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করার জন্যও আমরা কাজ করছি। রুয়া সর্বদাই রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের উন্নয়নের স্বার্থে কাজ করবে।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, অনেক চরাই-উতরায় শেষে আমরা একটি রুয়া পেয়েছি। যারা শুধু ই-কার নয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করেছে। তাদের পরিবেশ বান্ধব কাজ অব্যাহত রয়েছে।
এছাড়াও তিনি বলেন, এটা তো মাত্র শুরু। আমরা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন যে স্থানে দেখতে চেয়েছি তা এই অ্যাসোসিয়েশনের সময়ে দেখতে পারবো। তারা দেশের একটি আদর্শ এলামনাই অ্যাসোসিয়েশন হিসাবে নিজেদেরকে প্রমাণ করবে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মহিমা হাসান মোমো বলেন, এটা আমাদের জন্য খুবই পরিবেশ বান্ধব একটি কার্যক্রম। আমরা সবাই শিক্ষার্থী, সুতরাং মাত্র ৫ টাকায় যাতায়াতের সুবিধা অবশ্যই আমাদের জন্য আনন্দের। ব্যস্ততায় রিকশা ধরলে তখন রিকশাওয়ালা মামারা বেশি ভাড়া দাবি করে। তখন বাধ্য তাদেরকে বেশি টাকা দিতে হয়।
এসময় উপ উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং রাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
