ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৫
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

রাবিতে বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পেলেন তিন গুণী শিক্ষক

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১০টায় সিনেট ভবনের সামনে থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। পরে সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনজন গুণী শিক্ষককে ‘শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়।

কমিটির সদস্য সচিব প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বলেন, “দুর্গাপূজার ছুটি ও কিছু অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে আমরা দিবসটি পালন করতে পারিনি। তবে আজ তিন পর্বে—শোভাযাত্রা, শিক্ষক সম্মাননা প্রদান ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আমরা এ আয়োজন সম্পন্ন করছি।”

দিবস উপলক্ষে তিনজন শিক্ষককে ‘শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়। তারা হলেন ড. মু. আযহার উদ্‌-দীন, ড. এম নজরুল ইসলাম এবং ড. মামনুনুল কেরামত। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাদের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলেল তোড়া তুলে দেন।

সম্মাননা প্রাপ্ত প্রফেসর ড. এম নজরুল ইসলাম বলেন, “আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, তখন শিক্ষকেরা আমাকে জিজ্ঞেস করতেন—‘কি হতে চাও?’ আমি বলতাম, ‘বিএ পাস করতে চাই।’ আজ সেই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তবে শিক্ষকের প্রকৃত গর্ব এখানেই নয়—শিক্ষকের গর্ব হলো তার শিক্ষার্থীর সাফল্যে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন খান বলেন, “পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যার পেছনে একজন শিক্ষক নেই। শিক্ষকরাই শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলেন এবং একজন আদর্শ মানুষ গড়ে তোলেন। আজ যে তিনজন শিক্ষককে সম্মাননা দেওয়া হলো, তারা সত্যিই এই মর্যাদার উপযুক্ত।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, “একজন শিক্ষক—শিক্ষকই, এর চেয়ে বড় পরিচয় আর হতে পারে না। অত্যন্ত সৌভাগ্যবান মানুষরাই এই মহৎ পেশায় আসতে পারেন।”

তিনি হাস্যরসের সুরে বলেন, “আমি জীবনে কোনোদিন ‘Aim in Life’ রচনা লিখিনি। তবে একসময় বাস ড্রাইভার হওয়ার প্রবল ইচ্ছে ছিল।”

বর্তমান শিক্ষার্থী-শিক্ষক সংকট প্রসঙ্গে উপাচার্য বলেন, “এই সংকট আসলে শিক্ষার সংকট। আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।” তিনি তার সাবেক শিক্ষক ড. এম নজরুল ইসলামের প্রশংসা করে বলেন, “স্যার আমাদের ক্লাসে গ্রাফের মাধ্যমে পড়াতেন—যা অনেক বেশি কার্যকর ছিল। কারণ, একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী।”

আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram