ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৪
logo
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫

জবিতে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর, ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মাদকবিরোধী প্রচারণা কমিটির তত্ত্বাবধানে এবং মাদকবিরোধী ফোরামের আয়োজনে ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, যুব সমাজকে যদি মাদকের অপশক্তি থেকে দূরে রাখতে না পারি, তবে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। দুঃখজনকভাবে, অনেককে দেখা যায় মাদক বিষয়ে উৎসাহ প্রদান করে বা প্ররোচিত করে অন্যের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে—এটি চরম অন্যায়। আমাদের সমাজে অনেক কিছুই বৈধ হলেও প্রকাশ্যে বা গোপনে এসবের অপব্যবহার সবার জন্যই ক্ষতিকর।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রত্যেককে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম তিনজনকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুজ্জামান লিমন, তার স্লোগান ছিল—“মাদক ছেড়ে বই পড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি।”

দ্বিতীয় স্থান অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের মোস্তাফিজুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের কনিকা রাণী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ক্যাম্পাসে মাদকবিরোধী প্রচারণা কমিটির আহ্বায়ক ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমাদের সমাজ ও দেশকে মাদকমুক্ত রাখতে হলে সমালোচনার সম্মুখীন হলেও এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। মাদকমুক্ত একটি সমাজে যেন আমরা সবাই বাস করতে পারি—সেই প্রত্যাশা রইলো।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রইছ উদ্‌দীন বলেন, সমাজে মাদককে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে সবসময় আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক জীবন মিয়া।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram