

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো: জুবায়েদ হোসেনের জানাজা শেষে খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জানাজা শেষে এই বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় তারা 'প্রশাসনের দালালেরা, হুশিয়ার সাবধান', 'আমার ভাই মৃত কেন, প্রশাসন জবাব চাই', 'জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস', ' ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনীদের ফাঁসি চাই' স্লোগান দেয়।
জুবায়েদ হত্যার সাথে জড়িতদের ফাঁসি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, আমার ভাইকে খুন করার পর ২২ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার দেখতে পাইনি। প্রশাসনের এমন উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছি। অতিদ্রুত আমার ভাই জুবায়েদের খুনিদের গ্রেফতার করা হোক এবং আইনী ভিত্তিতে ফাঁসি দেওয়া হোক।
বিক্ষোভরত ২০২০-২১ সেশনের শিক্ষার্থীর রিয়াজ হোসেন বলেন, আমার ভাইকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নাই। কোনো আসামীকে গ্রেফতার পর্যন্ত করতে পারেনি। অনতিবিলম্বে আমার ভাইয়ের খুনীদের গ্রেফতার করা হোক এবং তদন্ত সাপেক্ষে ফাঁসির ব্যবস্থা করা হোক।
এসময় বিক্ষোভ মিছিলটি বিজ্ঞান বিভাগ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় মেইন ফকট, বাহাদুর শাহ পার্ক, শাঁখারিবাজার হয়ে রায়সাহেব বাজার ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
এর আগে, রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৪:৩০ আরমানিটোলার মাহুতটুলিতে নুর বক্স লেনের ১৫ নাম্বার বাড়িতে ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো: জোবায়েদ হোসেন।
