

শাহাজাদা এমরান, কুমিল্লা: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। গত ৫ বছরের তুলনায় এবার সর্বনিম্ন ফলাফল করেছে এ বোর্ড। আর গত বছরের তুলনায় এবার শতকরা হিসেবে ২২.২৯ ভাগ কম পাস করেছে। জিপিএ ৫ ও গেল বছরের তুলনায় এবার অনেক কম অর্জন করেছে। গেল বছর এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল ৭ হাজার ৯২২। এবার কমে তা দাঁড়িয়েছে ২ হাজার ৭০৭ জনে। ভেন্যু পরিবর্তন ও আন্দোলন সংগ্রামকে খারাপ ফলের জন্য দায়ী করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা কালে এ তথ্য জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।
কুমিল্লা শিক্ষা বোর্ড জানায়, ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট ৯৯ হাজার ৫৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৭ হাজার ৫২৪ জন ছাত্র এবং ৪২ হাজার ০৫২ জন ছাত্রী। পাশ করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। এর মধ্যে ছাত্র পাশ করেছে ১৭ হাজার ৯৫৬ জন আর ছাত্রী পাশ করেছে ৩০ হাজার ৭০১ জন। পাশের হার ৪৮ দশমিক ৮৬ ভাগ। শতকরা হিসেবে ছাত্র পাশের হার ৪২.৭০ ভাগ আর ছাত্রী পাশের হার ৫৩.৩৭ ভাগ।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী। ছাত্র পেয়েছে ৯৫৮ জন আর ছাত্রী পেয়েছে ১ হাজার ৭৪৯ জন। বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা শাখায় ৪৪ দশমিক ৮ শতাংশ এবং মানবিক শাখায় ৪৩ দশমিক ৯০ শতাংশ।
কেন ফল বিপর্যয় এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, এ বছর ইংরেজি ও উচ্চতর গণিতে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। ইংরেজিতে পাস করেছেন ৬৫ দশমিক ২৮ এবং উচ্চতর গণিতে পাস করেছেন ৬০ দশমিক ৪৮ শতাংশ পরীক্ষার্থী।
গতবারের তুলনায় এবারের ফলাফলে বড় ধরনের অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা। অনেকেই মনে করছেন, নতুন পাঠ্যক্রম, পাঠ্যপুস্তকের জটিলতা ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন এ ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

