

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা।
১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০২৫, বুধবার এবং বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য এবং ভবিষ্যতে যাতে চাকরির পিছনে না ছুঁটে উদ্যোক্তা হতে পারে এই লক্ষ্য এই মেলার আয়োজন।
আয়োজনের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম পিএইচডি, বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক এ.কে.এম রিফাত হাসান।

অনুষ্ঠানের উদ্বোধনে বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, এটা দারুন উদ্যোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমন সৃজনশীল আয়োজন শিক্ষাদের জন্য অনেক আনন্দঘন হবে। পরবর্তীতে এই আয়োজকদের বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসেও এমন আয়োজন যেন করেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুই দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করেছি। জবিয়ান ভাই বোনদের উপকৃত করতে বা উদ্যমী উদ্যোক্তা মনোভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নাফিছ উদ্দীন বলেন, এমন উদ্যোগেকে আমরা সাধুবাদ জানাই, এতে করে আমরা নিজ উদ্যোগে কিছু করার উৎসাহ পাই, বর্তমানে চাকরি বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ, তাই পড়ালেখা শেষ করে নিজ উদ্যোগে কিছু করতে চাই।

