ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৩
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে অনলাইনে ফল দেখতে পারছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফল প্রকাশের পরপরই অনেক শিক্ষার্থী ওয়েবসাইট ডাউন থাকার অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে অতিরিক্ত প্রবেশের কারণে সাময়িক সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান হয়ে যাবে।

বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের ফল দেখা যাবে www.dhakaeducationboard.gov.bd, কুমিল্লা বোর্ডের ফল www.comillaboard.gov.bd, চট্টগ্রাম বোর্ডের ফল www.bise-ctg.gov.bd, রাজশাহী বোর্ডের ফল www.rajshahiboard.gov.bd, যশোর বোর্ডের ফল www.jessoreboard.gov.bd, বরিশাল বোর্ডের ফল www.barisalboard.gov.bd, সিলেট বোর্ডের ফল www.sylhetboard.gov.bd, দিনাজপুর বোর্ডের ফল www.dinajpureducationboard.gov.bd, ময়মনসিংহ বোর্ডের ফল www.mymensingheducationboard.gov.bd, মাদ্রাসা বোর্ডের ফল www.bmeb.gov.bd এবং কারিগরি বোর্ডের ফল www.bteb.gov.bd ওয়েবসাইটে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে। যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি—আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে—৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার পুনঃনিরীক্ষণ হয়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে—মাত্র ৬টি।

বোর্ড জানিয়েছে, পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না—এসব যাচাই করা হয় ও প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram