

ঢাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করেন।
এসময় বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমাজের সকলকে নিয়ে এগিয়ে চলার মানসিকতা বজায় রাখতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। উপাচার্য বলেন, সেদিন দেশের নানা প্রান্ত থেকে সর্বস্তরের জনতা অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। তাঁদের ত্যাগ স্মরণে রেখে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে।
এ প্রসঙ্গে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সময়ে হলের শিক্ষার্থীরা জুলাই স্মরণে পুষ্প উদ্যান করার দাবি নিয়ে আসে। জুলাই আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে, প্রতিরোধ করতে শিখিয়েছে। বিজয় একাত্তর হল ছিল এ আন্দোলনের অন্যতম সূতিকাগার। যেহেতু ১৫ জুলাই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট, এজন্য আমরা এদিনের অপেক্ষায় ছিলাম।
তিনি বলেন, এই উদ্যানটির একটি প্রতীকী মূল্য আছে। উদ্যানটি যখন কেউ খেয়াল করবে, তখনই তার মনে বৈষম্য এবং গণতন্ত্রহীনতার দৃশ্যপট ভেসে উঠবে। আমি মনে করি, এটি আমাদের শিক্ষার্থীদের পরিশুদ্ধ হতেও শেখাবে।

