ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2026

সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রধান শিক্ষক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন।

তবে অভিযোগের পরও অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত শিক্ষকের নাম মোহাম্মদ শাহ আলম। তিনি উপজেলার ২ নম্বর বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ছাত্রীর অভিভাবকের লিখিত আবেদনে বলা হয়, তাঁর মেয়ে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলমের (৪০) বিরুদ্ধে মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ করেছেন তিনি। আবেদনে ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ বিষয়ে ছাত্রীর অভিভাবক বলেন, আমার মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছি। আমি এই শিক্ষকের শাস্তি চাই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানার স্বাক্ষরিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো চিঠি সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিদ্যালয়ের দুই শিক্ষিকা রোজিনা আক্তার ও কবিতা রাণী সূত্রধরকে জানায়। তিনি ছাত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে বিষয়টি জানার চেষ্টা করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে বিদ্যালয়ের পুরোনো ভবনে নিয়ে যান। সেখানে একা পেয়ে তাঁর হাত ধরে টানাটানি করেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন বলে অভিযোগ করেছে ছাত্রীটি। এ সময় ছাত্রী চিৎকার করলে তাকে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগেও এ ধরনের আচরণের অভিযোগ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। একাধিক ছাত্রীও ওই শিক্ষকের আচরণ আপত্তিকর বলে জানিয়েছেন। অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, অভিভাবকের লিখিত অভিযোগ এবং সহকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। ছাত্রীর সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে জানার চেষ্টা করেছি। পরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে অভিযোগ দেওয়ার পরও অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে দায়িত্ব পালন করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক অভিভাবক বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে চিঠি পেয়েছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram