

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় অনূর্ধ্ব ১শ’ মিটার সেতু নির্মাণ প্রকল্প এবং Program for Supporting Rural Bridges প্রকল্পের আওতায় ৬৬ কোটি ৬৮ লাখ টাকা ব্যায়ে ১৮টি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এসব সেতু জেলার সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করেছে। আকর্ষণীয় দৃষ্টিনন্দন ও জনগুরুত্বপূর্ণ নির্মিত সেতুগুলোর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২টি, পাঁচবিবিতে ৮টি, আক্কেলপুরে ৬টি, কালাইয়ে ১টি এবং ক্ষেতলালে ১টি সেতু রয়েছে।
জয়পুরহাট এলজিইডি’র সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ জানান, জয়পুরহাট জেলার ৫টি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ১৮টি জনগুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজ বাস্তবায়িত হয়েছে। উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক ও গ্রামীণ সড়কে নির্মিত এই সেতুগুলোর মধ্যে সদর উপজেলায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ২টি, পাঁচবিবি উপজেলায় ৩৬ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ৮টি, আক্কেলপুর উপজেলায় ১৬ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ৬টি, কালাই উপজেলায় ২ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে ১টি এবং ক্ষেতলাল উপজেলায় ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ১টি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়িত হয়েছে। সেতুগুলোর নির্মাণ কাজ শেষ হওয়ায় জয়পুরহাট জেলার উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।
জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, নবনির্মিত সেতুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জয়পুরহাট সদর উপজেলার ৮১ মিটার দীর্ঘ করিমনগরে আধুনিক প্রযুক্তিতে প্রি স্টেসড কনক্রিট (পিএসসি) গার্ডার সেতু, পাঁচবিবি উপজেলার ৯৬ মিটার দীর্ঘ বাগজানা পিএসসি গার্ডার সেতু, ৯০ মিটার দীর্ঘ বড় মানিক পিএসসি গার্ডার সেতু, ৭৫ মিটার দীর্ঘ শিরট্টি পিএসসি গার্ডার সেতু, ৬০ মিটার দীর্ঘ ফেসকাঘাট আরসিসি গার্ডার সেতু এবং ৫৭ মিটার দীর্ঘ পাথরঘাটা আরসিসি গার্ডার সেতু নির্মিত হয়েছে।
শিরট্টী কলেজ ও শিরট্টী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফেসকাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সেতু নির্মাণের আগে বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হত, আবার অনেক সময় যাওয়ায় যেত না। সেতু নির্মাণের ফলে তারা এখন সহজেই নিরাপদে বিদ্যালয়ে যেতে পারছে এবং এতে তারা খুবই খুশি।
এসব সেতু নির্মাণের ফলে এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরেছে। একসময় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পারাপার এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর দুর্ভোগ দূর হয়েছে। মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে আগ্রহ বৃদ্ধি, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।
এলাকার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা জানান, তাদের উৎপাদিত কৃষিপণ্য সেতু সংলগ্ন স্থানীয় বাজার এবং দেশের বিভিন্ন বাজারে দ্রুত পৌঁছানো সহজ হয়েছে। আমরা এখন ন্যায্য মূল্য পাচ্ছি। এর ফলে কৃষকরা গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে।
আকর্ষনীয় দৃষ্টিনন্দন ও জনগুরুত্বপূর্ণ এসব সেতু শুধু দুই প্রান্তের সড়ককেই সংযুক্ত করেনি, বরং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং গ্রামীণ জনপদে চলাচল সহজ ও সার্বিক আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। গ্রাম হবে সংযুক্ত, অর্থনীতি হবে গতিশীল এলজিইডি কাজ করছে টেকসই গ্রামীণ উন্নয়নে।
