

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিতাকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করার অভিযোগে উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর খানকে কুপিয়ে জখম করেছে ছেলে। বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে ডাকাত সর্দার আলমগীরসহ পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পাঁচজনকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া এলাকার একাধিক মামলার আসামি ডাকাত সর্দার আলমগীরকে আটক করে পুলিশ। আলমগীর আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁর ছেলে রায়হান উচিৎপুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর খানের বিরুদ্ধে পুলিশকে সহায়তা করার অভিযোগ তোলেন। এর জের ধরে রায়হান তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় মঞ্জুর খানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী রায়হান পালিয়ে যান।
পরে স্বজন ও স্থানীয়রা আহত মঞ্জুর খানকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অন্যদিকে, পৃথক অভিযানে বিভিন্ন মামলার আরও চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—পুরোনো মামলার আসামি কৃষ্ণপুরা এলাকার মুকুল হোসেনের ছেলে মো. সজিব হোসেন (২২), একই এলাকার মো. সোহাগের ছেলে মো. সবুজ মিয়া (২৪), সি/আর ওয়ারেন্টভুক্ত কল্যাণ্দী এলাকার মৃত ওসমান গনির ছেলে মো. মিজান এবং নাগেরচর এলাকার মনোরদ্দিনের ছেলে আ. ছাত্তার।
আড়াইহাজার থানার ওসি মো. সবজলে হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত আলমগীরসহ গ্রেফতার পাঁচজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
