

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির ট্যাংকিতে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে ট্যাংকিতে পানি তুলতে যান লাল মিয়া হাওলাদার। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
