

গোপালগঞ্জ প্রতিনিধি: পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার
ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচি ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ পরিলক্ষিত হয়।
জেলা মুক্তিযোদ্ধার ভারপ্রাপ্ত কমান্ড মো. বোরহান শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিক-উজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত ঘৃণ্য ও লজ্জাজনক অপরাধ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা। একই সাথে দেশের এই সংকটময় মুহূর্তে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।
