

শহিদ জয়, যশোর: যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদ, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি দিয়েছে জুলাইযোদ্ধা সংগঠন, যশোর জেলা শাখা। এছাড়া পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও বিভিন্ন রানৈতিক সংগঠনের নেতাদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক মো. আহাদ হোসাইন ও সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত স্মারকলিপি সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়।
স্মারকলিপিতে যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এছাড়া যশোর জেলার সব জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জুলাই স্মৃতিস্তম্ভসহ জেলার সব স্মৃতিচিহ্নের সুরক্ষায় কার্যকর নজরদারি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাদের দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা ও স্মৃতিচিহ্ন রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যৌথ নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে দলগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
