

শরীফ আল আমিন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় এইচএসসি পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মানবিক বিভাগের এক ছাত্রী। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ওই উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিতু।
এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার সব কলেজ ও মাদরাসার মধ্যে মানবিক বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুধু ভালো ফলাফল অর্জনেই থেমে থাকতে চায় না রিতু। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করাই তার লক্ষ্য। স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে মেধাবী এই শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন বলেন, রিতু একাডেমিক পড়াশোনার পাশাপাশি কলেজের সহশিক্ষা কার্যক্রমেও বেশ ভালো করত। তার ইচ্ছাশক্তি, একাগ্রতা ও পড়াশোনার প্রতি আন্তরিকতা দেখে আমরা আগেই ধারণা করেছিলাম, সে পরীক্ষায় ভালো ফলাফল করবে। তার এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।
নিজের অনুভূতি প্রকাশ করে রিতু বলে, আমার এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অপরিসীম। তারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করতে চাই। আমার স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
রিতুর বাবা মো. ফরিদ বলেন, আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে। তার শিক্ষকরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন। সবার প্রচেষ্টায় আজ সে এই সাফল্য অর্জন করেছে। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।
