

ময়মনসিংহ প্রতিনিধি: আজই আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলুন (Unleash Your Inner Warrior Today) স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুলের সেলফ-ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম।
রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় সার্কিট হাউসের লেডিস ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখানো এবং তাদের শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন ব্ল্যাক বেল্টধারী আত্মরক্ষা প্রশিক্ষক সেনসেই আবদুল কাদের চৌধুরী। স্কুলের প্রতিষ্ঠাতা খন্দকার এহসান হাবীব-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের একাডেমিক সুপারভাইজার প্রজ্ঞা পারমিতা ঘোষ।
বিশেষ অতিথির বক্তব্যে এ কে এম মাহবুবুল আলম বলেন, জন অ্যামোস স্কুলের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি মোঃ সাইফুর রহমান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। এসব উদ্যোগে তিনি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর ও নারীদের নিরাপত্তা ও আত্মপ্রত্যয় বৃদ্ধিতে আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিপদের মুহূর্তে নিজেকে রক্ষার কৌশল শেখার পাশাপাশি শৃঙ্খলা, ধৈর্য ও মানসিক দৃঢ়তা অর্জন করবে।
স্কুলের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া ও শারীরিক প্রশিক্ষণকে সমান গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে খন্দকার এহসান হাবীব প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রশিক্ষক এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ না রেখে শারীরিক ও মানসিকভাবে সক্ষম করে গড়ে তোলাই জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুলের লক্ষ্য। আত্মরক্ষা প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সাহস বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণ কার্যক্রম সফল ও টেকসই করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
