

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালিবের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এফ. কে. এম আনিসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা আইসিটি কর্মকর্তা নাজিমুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, যুব উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭ জন যুব উদ্যোক্তার মাঝে ৪ লক্ষ টাকার যুব ঋণের চেক এবং ৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের হাতে সনদপত্র বিতরণ, মোহসিনা খাতুন নামের একজন সফল আত্মকর্মী ও উপজেলার সফল যুব সংগঠন হিসেবে ঘুঘুড়া সামাজিক যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব সুলতান কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী, উপজেলার গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
