

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে 'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (০১ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য যুব র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্যের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুমসহ স্থানীয় যুবক-যুবতীসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ বলেন, মাদক থেকে নিজেদের রক্ষা করে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রশিক্ষণ নিয়ে আগামী দিনগুলোতে আজকের যুবকরা নিজের সক্ষমতা তুলে ধরবে। তারাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে দেশ ও নিজের মাথা উঁচু করে এগিয়ে যাবে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে।
