

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালীতে পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি বন্দুক ও একটি এলজিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সুলতানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ ইকবাল, এএসআই হারুন মিয়া সহ ফোর্সের একটি দল হোয়ানক রাজুয়ার ঘোনা এলাকায় রাস্তার উপর কালভার্টের নিকট অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও একটি এলজিসহ আব্দুল মালেক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মালেকের পিতার নাম শফিউল আলম। তার বর্তমান ঠিকানা: গ্রাম-বড় ডেইল, ১নং ওয়ার্ড, বড় মহেশখালী ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সুলতান জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার রুজু প্রক্রিয়াধীন এবং গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
