ঢাকা
logo
প্রকাশিত : October 30, 2026

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে এক ভুয়া চিকিৎসক ও একটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মাধবপাশা বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রথমে এনএসআই সদস্যরা ছদ্মবেশে রোগী সেজে মাধবপাশা বাজারে তাসলিমা আক্তার আন্নি নামে এক ব্যক্তির চেম্বারে যান এবং চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে মা ও শিশুবিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ ছাড়া তাঁর নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে একই এলাকায় অবস্থিত পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদান এবং পরীক্ষাগারের পরিবেশ ও ব্যবস্থাপনায় যথাযথ মান বজায় না রাখার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাব্বির সরদারকে একই আইনের ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রম নিয়ে এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে গোপনে পর্যবেক্ষণ করছিলেন। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা আবাসিক চিকিৎসক ডা. তুর্য্য অধিকারী, এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও আসমা উল হুসনা বলেন, বাবুগঞ্জ একটি ছোট উপজেলা হলেও এখানে কিছু অসাধু ব্যক্তি চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ভুয়া চিকিৎসক, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসাসেবার নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার নামে প্রতারণা প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram