

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনতা ব্যাংক পিএলসি নড়াইল শাখা’র আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নড়াইল শহরে র্যালি শেষে স্থানীয় শেখ রিজেন্সি গেস্ট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি নড়াইল শাখা’র ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন হোসেন।
র্যালি পরিচালনা করেন জনতা ব্যাংক পিএলসি লোহাগড়া শাখা’র ব্যবস্থাপক সাইফুর রহমান এবং আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক পিএলসি নড়াইল শাখা’র সিনিয়র অফিসার মেহেদী হাসান সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসি খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এন.এ.এম সারওয়ারে আখতার, জনতা ব্যাংক পিএলসি যশোর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নড়াইল এর উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার। বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয় নড়াইল এর সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ বদরুল আলম। অনুষ্ঠানে ব্যাংক অফিসার, ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা বলতে যা বোঝায়, তার বাস্তব প্রতিফলন ঘটবে বাংলা কিউআর কোড চালু করার মাধ্যমে। এ পদ্ধতিতে কোন নগদ টাকার লেনদেন থাকবে না। তাই এ লেনদেন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। গ্রাহকরা যে কোন ব্যাংকের এ্যাপ ব্যবহার করে মুহুর্তের মধ্যে নিরাপদে আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন এ পদ্ধতিতে।
