

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক অজ্ঞাত অটোভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে একটি অটোভ্যান যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে অটোভ্যানটিকে চাপা দিলে চালক গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩৫ বছর। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ওসি জাফর আলী খান জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
