

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুরে আনন্দ র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালিটি শুরু হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আনন্দ র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা চত্বর, বিএন খান কলেজের চৌরাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের নতুন ফটকের সামনে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের স্মৃতিফলকের সামনে সমবেত হন। সেখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মহসিন মিয়া লিটন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান। এ ছাড়া বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন উপজেলার পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, পৌর যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, যুগ্ম আহবায়ক সোহেল শিকদার, আব্দুস সালাম হাওলাদার, কালাম ফরাজী, সবুজ খান, হাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মন সিকদার মোতালেব, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান খান, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পীসহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা নিয়েও আলোচনা করেন তাঁরা।
সমাবেশ শেষে উপজেলা পরিষদের নতুন ফটকের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আনন্দ র্যালি, সমাবেশ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।
