

রাকিবুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে তিন শতাধিক অসচ্ছল ব্যক্তির মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা ও বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন। বুধবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া দরবার শরিফের ওরছের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান অসচ্ছল ব্যক্তিদের হাতে এ সহায়তা তুলে দেন। এর মধ্যে নগদ আর্থিক সহায়তার পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ দেওয়া হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অসচ্ছল মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবার-পরিজনের জীবিকা নির্বাহে ভূমিকা রাখতে পারবেন।
এদিকে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) নক্সবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে তাঁর একমাত্র ছেলে বর্তমান গদ্দিনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে বার্ষিক ওরছ শরিফ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
ওরছের প্রস্তুতিমূলক আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ জোহর থেকে বুধবার (২৮ অক্টোবর) বাদ ফজর পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, ওয়াজ ও নসিহতের মধ্য দিয়ে ওরছের প্রস্তুতির কর্মসূতি অনুষ্ঠিত হয়।
এ সময় দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত দরবার শরিফে সমবেত হন। পরে পীরের রওজা মোবারক জিয়ারত করেন। এ সময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছের প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ হয়।
