

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের মদিনা শহরের আল-উলা এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে সাতকানিয়ার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।
নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান আবু বকর। সেখানে মদিনা শহরের আল-উলা এলাকার একটি খেজুর বাগানে কাজ করতেন তিনি। রোববার রাতে খবর আসে, বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয় সন্তান। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
