

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট কক্ষ থেকে একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় হাসপাতালের গুরুত্বপূর্ণ এ কক্ষ থেকে ল্যাপটপ চুরির ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঘটনার সময় জিন এক্সপার্ট কক্ষে দায়িত্ব পালন করছিলেন ল্যাব টেকনোলজিস্ট মেহেদী হাসান। একপর্যায়ে তিনি পাশের একটি কক্ষে কাজে গেলে ফিরে এসে ল্যাপটপটি আর খুঁজে পাননি। পরে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
জিন এক্সপার্ট কক্ষে কাশির নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়। ব্র্যাকের যক্ষ্মা (টিবি) নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত এ ল্যাবটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। এমন একটি কক্ষ থেকে দিনের বেলায় ল্যাপটপ চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, ল্যাব টেকনোলজিস্ট মেহেদী হাসান ল্যাপটপ হারানোর বিষয়ে তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি সিভিল সার্জন কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। ছুটি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর দোলা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
