ঢাকা
logo
প্রকাশিত : October 16, 2026

টাঙ্গাইলে স্তন ক্যানসারজয়ী ৬০ নারীকে নিয়ে মিলনমেলা

টাঙ্গাইল প্রতিনিধি: স্তন ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা নারীদের নিয়ে টাঙ্গাইলে আয়োজন করা হয়েছে এক মিলনমেলার। এতে অংশ নেন প্রায় ৬০ জন স্তন ক্যানসারজয়ী নারী। সচেতনতা বৃদ্ধি ও রোগের বিরুদ্ধে লড়াই করা নারীদের সাহস জোগাতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

ক্যানসারের কঠিন সময় পেরিয়ে তাঁরা এখন সুস্থ জীবনে ফিরেছেন। চিকিৎসা, মানসিক শক্তি আর পরিবারের সহযোগিতায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর আনন্দ ভাগাভাগি ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে স্তন ক্যানসার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে টাঙ্গাইলে আয়োজন করা হয় এ মিলনমেলার।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের ঘারিন্দা ওভারপাসের পূর্ব পাশে চিকলি রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা প্রায় ৬০ জন নারীকে আমন্ত্রণ জানানো হয়।

আয়োজকরা জানান, বিশ্বজুড়ে অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। এ মাসে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার শনাক্ত করতে উৎসাহিত করাই তাঁদের মূল লক্ষ্য। এ উদ্যোগের ধারাবাহিকতায় প্রতিবছর অক্টোবর মাসে এমন অনুষ্ঠানের আয়োজন করতে চান তাঁরা।

চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা নারীরা জানান, ডা. নাজমুল আলমের কাছ থেকে চিকিৎসা নিয়ে তাঁরা সুস্থ হয়েছেন। এ মিলনমেলায় অংশ নিতে পেরে তাঁদের ভালো লাগছে। তাঁদের মতে, ক্যানসারের মতো কঠিন রোগের চিকিৎসার সময় পরিবারের সদস্যদের পাশে পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। পরিবারের সহযোগিতা ও মানসিক সমর্থন তাঁদের এ কঠিন লড়াইয়ে সাহস জুগিয়েছে।

ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে উৎসাহ এবং ক্যানসারজয়ী নারীদের অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram