ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2026

হাতিয়ায় দৃষ্টিহীন যুবকের চিকিৎসায় উপজেলা কর্মকর্তাদের মানবিক সহায়তা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় দৃষ্টিশক্তি হারানো এক যুবকের চোখের চিকিৎসার জন্য উপজেলা পরিষদের কর্মকর্তারা নিজেদের বেতন থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। সহায়তা পাওয়া যুবকের নাম মো. রাসেল (২৮)। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের চর বগুলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স চলাকালে রাসেলের হাতে নগদ এক লাখ ১০ হাজার টাকার এ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রায় এক বছর আগে রাসেলের ডান চোখে সমস্যা দেখা দেয়। পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের পর তার বাম চোখেও সমস্যা দেখা দিলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। চোখের চিকিৎসার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সংকটেও পড়েন তিনি। একপর্যায়ে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান রাসেল।

তার অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের উদ্যোগে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজেদের বেতন থেকে অর্থ সংগ্রহ করে তাকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন।

সহায়তা পেয়ে দৃষ্টিহীন রাসেল বলেন, “ইউএনও স্যারসহ সরকারি কর্মকর্তারা আমাকে যে আর্থিক সহযোগিতা করেছেন, এর জন্য আমি তাঁদের কাছে ঋণী। এই টাকা নিয়ে আগামীকাল ঢাকায় গিয়ে বাম চোখের চিকিৎসা শুরু করব।”

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “দৃষ্টিহীন এই যুবক যেন চিকিৎসার মাধ্যমে আবার চোখের আলো ফিরে পান, সে লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা। উপজেলা পরিষদের কর্মকর্তারা নিজেদের বেতন থেকে এই অর্থ দিয়েছেন। এটি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা।"

এসময় উপস্থিত ছিলেন হাতিয়া থানার তদন্ত ওসি শ্রীরাম ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছালেহ আহমদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিছুর রহমান, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. ইমদাদ উল্লাহ, নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিনসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram