ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2026

জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি

মো. সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষা কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় নগরীর মির্জা জাঙ্গাল এলাকার জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। নগরীর বিভিন্ন এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও হাসপাতালের আশপাশে কুকুরের উপদ্রবের খবর পাওয়া যায়। তবে কুকুর নিধন কোনো সমাধান নয়। কুকুরের কামড়ে মানুষের শরীরে জলাতঙ্কের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যেই এ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ১৫ দিন ঢাকা থেকে আসা বিশেষ কর্মীদের চারটি দল মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের বেওয়ারিশ ও পোষা কুকুরকে টিকার আওতায় আনা হবে। টিকা দেওয়ার পর সহজে শনাক্ত করার জন্য কুকুরের শরীরে বিশেষ রঙের চিহ্ন দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম সমন্বয়ের জন্য সিটি কর্পোরেশনের একজন মনোনীত প্রতিনিধিও দায়িত্ব পালন করবেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কুকুরের জলাতঙ্কের টিকাদান সময়োপযোগী উদ্যোগ। যেসব এলাকায় কুকুরের উপদ্রব বেশি, সেসব এলাকার তথ্য দিয়ে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram