ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশের তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধকোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী টানা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ‘শহীদ সু স্টোর’ নামক জুতার দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াবহ লেলিহান শিখা পার্শ্ববর্তী ‘আদর্শ ফার্মেসি’তে ছড়িয়ে পড়ে। একে একে তা পাশের মনিরের মুদি দোকান ও মাইনউদ্দিনের মুদি দোকানকে গ্রাস করে ফেলে। এ ছাড়া অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী রফিকের মুদি দোকান, নেছার আহমেদের মুদি দোকান ও ফরিদ ডাক্তারের ঔষধের দোকান কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সর্বস্ব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে ‘আদর্শ ফার্মেসি’র মালিক টুটুল চন্দ্র শীল বলেন, আমরা দুই ভাই বহু কষ্টের উপার্জনে এই ফার্মেসিটি দাঁড় করিয়েছিলাম। আগুনে আজ আমাদের একেবারে পথে বসিয়ে দিয়ে গেছে। ফার্মেসির প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ওষুধ ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

একই ঘটনায় ‘শহীদ সু স্টোর’ এর স্বত্বাধিকারী জানান, ঘটনার সময় তিনি কাজে ঢাকায় অবস্থান করছিলেন। দোকান বন্ধ থাকলেও অগ্নিকাণ্ডে তাঁর ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া মো. মনিরের মুদি দোকান ৫ লাখ ও মাইনউদ্দিনের মুদি দোকানের প্রায় ৫ লাখ টাকা করে মালামাল ভস্মীভূত হয়েছে বলে তারা দাবি করেছেন।

গৃদকালিন্দিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জামাল বলেন, ডাক-চিৎকার শুনে দ্রুত বাজারে গিয়ে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসকে সহায়তা করি। আল্লাহ এই বাজারটিকে অল্পের জন্য রক্ষা করেছেন। ফায়ার সার্ভিস পৌঁছাতে আধা ঘণ্টা দেরি করলে কোটি কোটি টাকার সম্পদসহ অর্ধশত দোকান ছাই হয়ে যেত। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, বিদ্যুতের পুরোনো তার ও সুইচ-সকেট দ্রুত পরীক্ষা করুন, সামান্য অসাবধানতা যেন এত বড় বিপদের কারণ না হয়।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের লিডার রবিউল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram