ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

শান্তিগঞ্জে বিশ্ব চক্ষু দিবসে র‍্যালি ও আলোচনা সভা, দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মানুষের মধ্যে চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি শান্তিগঞ্জকে চোখের ছানি রোগমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান।

সভায় বক্তারা বলেন, চোখের ছানি একটি চিকিৎসাযোগ্য রোগ। সময়মতো শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা গেলে এ রোগের কারণে সৃষ্ট দৃষ্টিজনিত সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলার প্রত্যন্ত ও হাওরাঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুন নাছিম সোহান, অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার গোলাম রায়হান, সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার নুর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ ও হাসপাতালের নার্স সুপারভাইজার সুজন দেবনাথসহ সংশ্লিষ্টরা।

বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে অরবিস ইন্টারন্যাশনাল ও ভার্ডের সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চক্ষু পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের আওতায় এনে শান্তিগঞ্জকে ছানি রোগমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram