

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার পর তা অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্দেশনার পর সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া অপসারণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ‘নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় মান্দা উপজেলার বাদলঘাটা এলাকায় ১৭৩০ মিটার দৈর্ঘ্যের একটি পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে উপজেলা এলজিইডি কার্যালয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৯২৭ টাকা। কাজটি বাস্তবায়ন করছে রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওয়াসিম।
অভিযোগ রয়েছে, সড়কের ডাব্লিউবিএম (WBM) কাজে নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ না করে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হয়। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অগোচরে রাতের আঁধারে এসব নিম্নমানের খোয়া সড়কে ফেলা হয়।
বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়কটির নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করেন। তদন্তে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার পর সড়ক থেকে এসব খোয়া অপসারণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়।
কর্তৃপক্ষের নির্দেশনার পরই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া তুলে অপসারণের কাজ শুরু করেছে।
মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় অফিসের সমন্বয়ে সরেজমিনে তদন্ত করা হয়। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের সামগ্রী অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যে খোয়া অপসারণের কাজ শুরু করেছে।”
তিনি আরও বলেন, “সড়ক নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণ নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো চূড়ান্ত বিল দেওয়া হবে না। প্রয়োজনে তাদের জামানতও বাজেয়াপ্ত করা হবে।”
