

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার পারকী বিচ সংলগ্ন এলাকা এবং কর্ণফুলী উপজেলার উত্তর বন্দর এলাকার ‘সেন্টার’ নামক স্থানে সিএনজি অটোরিকশা ও টেম্পুর জন্য স্থায়ী পার্কিংয়ের জায়গা নির্ধারণের দাবি জানিয়েছে চট্টগ্রাম বেবি টেক্সী, টেম্পু ড্রাইভারস ও সহকারী ইউনিয়ন।
এ দাবিতে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। আবেদনে পারকী বিচ ও সেন্টার এলাকায় গণপরিবহনের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে স্থায়ী পার্কিং ব্যবস্থা গড়ে তোলার অনুরোধ জানানো হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে পারকী বিচ ও উত্তর বন্দর হয়ে প্রতিদিন বিপুলসংখ্যক সিএনজি অটোরিকশা ও টেম্পু চলাচল করে। এসব যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় সড়কের পাশে ও বিভিন্ন স্থানে গাড়ি রাখতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে সংগঠনের আনোয়ারা-কর্ণফুলী শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাঈল বলেন, “আমাদের সংগঠনসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৪০০টি গাড়ি প্রতিদিন এই রুটে চলাচল করে। এখানে স্থায়ীভাবে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।”
তিনি বলেন, “গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় চালকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। একই সঙ্গে যাত্রী ওঠানামার সময়ও জটিলতা তৈরি হয়। পারকী বিচ ও সেন্টার এলাকায় স্থায়ী পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করা হলে এ সমস্যার অনেকটাই সমাধান হবে।”
সংগঠনের নেতারা বলেন, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু হলে সড়কের ওপর যত্রতত্র গাড়ি দাঁড় করানোর প্রবণতা কমবে। এতে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীসেবা ও সড়কে শৃঙ্খলা বাড়বে। বিশেষ করে পর্যটনকেন্দ্র পারকী বিচে আগত দর্শনার্থীদের যাতায়াতও আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
তাদের দাবি, জনসাধারণের ভোগান্তি কমানো এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে পারকী বিচ সংলগ্ন ও কর্ণফুলীর উত্তর বন্দর এলাকার সেন্টারে স্থায়ী পার্কিংয়ের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করা হোক।
