

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ছেলের মৃত্যুর খবর জেনে যশোরের চৌগাছায় রবিউল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রবিউল ইসলাম নিজ বাড়ীর সামনে দোকানের পাশে আম গাছের ডালের সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার ভোরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন।
গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম জানান, বিগত এক বছর আগে পারিবারিক ঝগড়াঝাটির একপর্যায় নিহত রবিউল ইসলাম কোদাল দিয়ে ছেলে তরিকুল ইসলামকে আঘাত করেন। এতে ছেলে মারাত্মক জখম হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় হত্যা মামলা হলে নিহত রবিউল ইসলাম জেলে যান। কয়েক মাস পর জামিনে মুক্তি পেয়ে জেল থেকে তিনি বের হয়ে বাড়ীতে আসেন।
কিন্তু পরিবারের কেউ তার সাথে কথা বলেন না। এমনকি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে। এতে রবিউল ইসলাম একাকিত্ব অনুভব করেন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এছাড়া তার শারীরীক অবস্থাও ভালো ছিলনা। এসব মাসসিক দুঃচিন্তা সহ্য করতে না পেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। গলায় রশি দেয়ার দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যার প্রমান পাওয়া গেছে। তারপরও সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
