

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মাওলানা আদম আলী মোল্লা (৫৪)। মঙ্গলবার দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আদম আলী মোল্লা রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব নয়াপাড়া গ্রামের আব্দুল হাকিমের বড় ছেলে। তিনি ভালুকগাছী ইউনিয়নের চকদোমাদী আইনুল উলুম আলীম মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট এবং আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি তিন সন্তান—আবিদা, ইশান ও ইনাম—এবং বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্ব নয়াপাড়ায় নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও স্থানীয়রা।
