

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন, আপনারা শান্তি চান, নিরাপত্তা চান। দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা প্রত্যাশা করে।”
তিনি আরও বলেন, “ইতিহাস বলে, ফ্যাসিস্ট একবার পালিয়ে গেলে সে আর কখনো ফিরে আসতে পারে না। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
