

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পৃথক ঘটনায় রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগে দালাল চক্রের দুই সদস্য এবং এক নারীর ব্যাগ থেকে ১২ হাজার টাকা চুরির অভিযোগে আরেক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সামনে থেকে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেন হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য জুয়েল রানা।
আটক ব্যক্তিরা হলেন, যশোর শহরের ঘোপ সেন্টার রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে মারুফ (৫৫) এবং বিরামপুর নোয়াপাড়া এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান (৫৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, আটক দুজন চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভিত করে হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করিয়ে কমিশন বা পারসেন্টেজ নিতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এর আগেও তাদের দালালির বিষয়ে সতর্ক করা হয়েছিল। একপর্যায়ে তাদের আটক করে যশোর কোতোয়ালি পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে এক নারীর ব্যাগ থেকে ১২ হাজার টাকা চুরির অভিযোগে শিল্পী (৩৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি জামালপুরের ইসলামপুর থানার পূর্ব ব্যাপারীপাড়া এলাকার হাসিবুরের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, শিল্পী নওদা গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী মোছা. শেখা (৩০)-এর ব্যাগ থেকে ১২ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য জুয়েল নানা তাকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
