ঢাকা
logo
প্রকাশিত : October 4, 2026

টাঙ্গাইলে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। রোববার (৪ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ওই স্থানে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টুকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।

এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের আরও ৩-৪ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরো একজনকে আটক করে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটককৃত দু’জনকে ও ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram