

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের সন্তানরা মাদকাসক্ত হয়ে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদক কারবারি ও মাদকসেবী এরা সমাজের শত্রু। যেকোন মূল্যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। সুতরাং মরণব্যাধি ও সমাজ বিধ্বংসী মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মধ্যদিয়ে তোমাদের জীবনকে বিকশিত করতে হবে। তোমরা এ দেশের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠলে দেশও উন্নত হবে।
নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সাইবার ক্রাইম থেকে নিজেকে দূরে রাখতে হবে। সকল প্রকার সামাজিক অপরাধ থেকে নিজেদের রক্ষা করা তোমাদের নৈতিক দায়িত্ব। তিনি রোববার আত্রাই থানা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ। সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এবং আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এর আগে এমপি রেজু শেখ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে রাণীনগর ও আত্রাই অংশে নিজস্ব অর্থায়নে নির্মিত দু’টি পুলিশ বক্স উদ্বোধন করেন।
