ঢাকা
logo
প্রকাশিত : October 3, 2026

উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা'র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন ও উজিরপুর পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান শুরু হয়। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মহাসড়কের দুই পাশের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

অভিযানের শুরুতে ইচলাদী বাসস্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশের সড়ক সংলগ্ন দোকান-পাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়। কোথাও পানি জমে আছে কি না, মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে কি না এবং প্রতিষ্ঠানগুলোর আশপাশে ময়লা-আবর্জনা পড়ে আছে কি না, তা সরেজমিনে দেখা হয়। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয় এবং প্রয়োজনীয় স্থানে মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়।

অভিযানকালে গাছের টব, পরিত্যক্ত বালতি, প্লাস্টিকের জার, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি দোকানসংলগ্ন ডোবা, নালা ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। ব্যবসায়ী ও দোকানদারদের নিজ নিজ প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোনো স্থানে পানি জমতে না দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্রে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে বলে তাদের সতর্ক করা হয়।

অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সম্মিলিতভাবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।”

অভিযানে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান সুমন বালী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিলন হাওলাদার। এ ছাড়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উৎসুক জনতা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা নিজেদের প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে প্রশাসনের আহ্বানে সাড়া দেন।

স্থানীয়দের মতে, ইচলাদী বাসস্ট্যান্ড উজিরপুরের অন্যতম ব্যস্ত ও জনসমাগমপূর্ণ এলাকা হওয়ায় এখানে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। শুধু অভিযান পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিয়মিত সচেতন করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা প্রশাসন ও পৌরসভার এমন উদ্যোগ অব্যাহত থাকলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram