

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েছেন মিতু আক্তার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাঁকে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিতু আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩০ নম্বর মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি রাকুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের মেয়ে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মিতু। সকাল ৮টার দিকে রাকুদিয়া নতুন হাট স্টেশন থেকে বরিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটিতে আগে থেকেই কয়েকজন যাত্রীবেশী ব্যক্তি ছিলেন।
কিছু দূর যাওয়ার পর সিএনজিতে থাকা দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে তাঁকে জিম্মি করে। একপর্যায়ে তাঁর হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের সোনার আংটি এবং হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।
পরে সিএনজিটি ঘুরিয়ে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময়ের ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি সন্দেহজনক সিএনজির সন্ধান পাওয়া গেছে।
তিনি আরও জানান, ওই সিএনজির সূত্র ধরে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যাত্রীবাহী সিএনজিতে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
