

মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর পক্ষ থেকে স্থানীয় মন্দিরসমূহে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক নিজ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকার পূজা উদযাপন কমিটিসমূহের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো— মাচালং শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম, বাঘাইহাট কৃষ্ণ মন্দির এবং করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দির। অধিনায়ক প্রতিটি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতিগণের নিকট নগদ ১০,০০০/- টাকা করে সর্বমোট ৩০,০০০/- টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।
অনুদান প্রদানকালে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সবসময় স্থানীয় জনসাধারণের কল্যাণ ও সামাজিক-ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়— সেই লক্ষ্যেই বিজিবির এই ক্ষুদ্র প্রয়াস।
এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্দিরসমূহের পরিচালনা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবির এমন মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় পূজারি ও আয়োজক কমিটিসমূহ ব্যাটালিয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
