

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। একটি নিরাপদ ও শান্তিময় আত্রাই গঠনে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ সহযোগিতা একান্ত প্রয়োজন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
